ত্রিপুরায় টেট উত্তীর্ণের আন্দোলনে আহ্বান জানাল কংগ্রেস
আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৬ঃ
রাজ্যে প্রায় ৬০ হাজার শূন্যপদ পূরণ এবং যোগ্য সব টেট উত্তীর্ণের নিয়োগের দাবিতে ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার এক প্রেস বিবৃতিতে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বিপুল শূন্যপদ থাকা সত্ত্বেও মাত্র ১,৪৫২ জন টেট ২ উত্তীর্ণকে চাকরির অফার দেওয়া হচ্ছে। বাকি উত্তীর্ণদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
কংগ্রেসের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, মাঝপথে নিয়োগ বন্ধ এবং ইন্টারভিউয়ের পরও ফল প্রকাশে বিলম্বের কারণে চাকরিপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকস্বল্পতা এবং বিভিন্ন দপ্তরে দুর্নীতি ও অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
বিবৃতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করা হয়। চাকরিপ্রার্থীদের উদ্দেশে প্রবীর চক্রবর্তী বলেন, ন্যায্য অধিকার আদায়ে দলমতের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক ও অহিংস আন্দোলন গড়ে তুলতে হবে। এ ধরনের আন্দোলনে প্রদেশ কংগ্রেস সর্বাত্মক সমর্থন দেবে বলেও তিনি জানান।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










