ত্রিপুরাকে শিক্ষা হাবে গড়তে উচ্চশিক্ষায় পরিকাঠামতে জোর
আগরতলা, ৬ আগস্ট, ২০২৬ঃ
ত্রিপুরাকে শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন এবং তার আলোকে রাজ্যের শিক্ষা পরিকাঠামোর মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষার সম্প্রসারণ এবং সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, "বিকশিত ত্রিপুরা" গড়ে তুলতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি অপরিহার্য। আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন সম্ভব। একইসঙ্গে কলেজ ক্যাম্পাসগুলিকে গ্রিন ক্যাম্পাস ও ক্লিন ক্যাম্পাসে রূপান্তরের পাশাপাশি ছাত্রছাত্রীদের মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত করার ওপরও জোর দেন তিনি।
সভায় কলেজ ক্যাম্পাসে সম্পূর্ণ সোলার লাইট ব্যবস্থা চালু করার বিষয়ে বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। এছাড়া কলেজ চত্বরে বাগানের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের লক্ষ্যে হর্টিকালচার দপ্তরের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করা হয়।
আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে রাজ্য সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










