আগরতলায় মায়ের গমন অনুষ্ঠান থেকে ঐক্য ও সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৬ঃ
ত্রিপুরার ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জাতি-জনজাতির মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে তুলে ধরে আগরতলায় শুরু হল ‘মায়ের গমন ২০২৬’ কার্নিভাল। শুক্রবার মহারাণী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, মায়ের গমন এখন আর শুধু প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা নয়, এটি ত্রিপুরার রাজন্য ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্মিলিত সামাজিক চেতনার এক অনন্য প্রকাশ।
মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য আমল থেকেই এই ঐতিহাসিক স্থান থেকে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হতো। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে আধুনিক আয়োজনের মাধ্যমে কার্নিভালটি নতুন মাত্রা পেয়েছে। দুর্গোৎসবে জাতি-জনজাতি নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এই ঐক্যকে আরও শক্তিশালী করে ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এবারের কার্নিভালে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানে রাশিয়ার কলকাতাস্থিত কনসাল জেনারেল ম্যাক্সিম কোজলভ, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের সিনিয়র অ্যাডভাইজার ব্র্যাড ক্রোয়েগার এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবদুল উলায়ে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর আশা, এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও শিল্পে বিনিয়োগের সম্ভাবনা আরও পরিচিতি পাবে। হাপানিয়ার বিজনেস সামিটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, বিদেশি বিনিয়োগকারীদের একাংশ রাজ্যে শিল্প ও পর্যটন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










