আইআইআইটি আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৬ঃ
২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আইআইআইটি আগরতলার মতো প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার মোহনপুরে ভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, আইআইআইটি আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কথা বলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ৫০.১৬ একর জমির ওপর প্রায় ১০৮ কোটি টাকা ব্যয়ে এই ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা।
রাজ্যপাল বলেন, স্থায়ী ক্যাম্পাসটি গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও সাইবার নিরাপত্তার মতো উদীয়মান প্রযুক্তির প্রসঙ্গ তুলে তিনি শিক্ষার্থীদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হয়ে ওঠার আহ্বান জানান। তাঁর মতে, এই প্রতিষ্ঠান ত্রিপুরার পাশাপাশি সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের প্রযুক্তিগত অগ্রগতি ও আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ক্যাম্পাস গড়ে উঠলে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান ও নতুন সুযোগও সৃষ্টি হবে।
প্রস্তাবিত ক্যাম্পাসে শিক্ষা ভবন, ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল এবং শিক্ষক ও কর্মীদের আবাসন সহ বিভিন্ন পরিকাঠামো থাকবে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, ২০১৮ সালের ২৫ জুন ত্রিপুরায় আইআইআইটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাক্রম সম্পন্ন করেছেন। তিনি শিক্ষার্থী ও গবেষকদের সুযোগ বাড়াতে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, আইআইআইটি আগরতলা রাজ্যের মানুষের কল্যাণ এবং সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










