জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ইন্ডিয়া ব্লকের মিছিল আগরতলায়
আগরতলা, ২৪ অক্টোবর, ২০২৬ঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, এসআইআর বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আগামী ৩০ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল করবে ইন্ডিয়া ব্লক। শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন ইন্ডিয়া ব্লকের ত্রিপুরা চ্যাপ্টারের নেতা জিতেন্দ্র চৌধুরী।
এদিন জিতেন্দ্র চৌধুরী জানান, দেশজুড়ে ভোটাধিকার রক্ষা ও নির্বাচনী সংস্কারের দাবিতে বিরোধীদের বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবেই আগরতলায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। ৩০ অক্টোবরের মিছিলে ইন্ডিয়া ব্লকের বিভিন্ন দলের নেতা, কর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার কথা রয়েছে। ওই দিন সকাল ১১টায় ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিল শুরু হয়ে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাবে। সেখানে বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হবে।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী জোট।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও ভোটাধিকার রক্ষা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিরোধী দলগুলির বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোটাধিকার সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










