জিবিপি হাসপাতালে শয্যাসংখ্যা বেড়ে ১,৪১৩, চালু হল নতুন পরিষেবা
আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৬ঃ
জিবিপি হাসপাতালে শয্যাসংখ্যা ৭২৭ থেকে বাড়িয়ে ১,৪১৩ করা হয়েছে। পাশাপাশি, আরও ১০০টি শয্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে হাসপাতালের ৬৬তম প্রতিষ্ঠা দিবসে বুধবার নতুন ক্যাথল্যাব, ১২ শয্যার পোস্ট-অপারেটিভ সার্জিক্যাল আইসিইউ, ১৪ শয্যার মেডিসিন আইসিইউ, ইন্টিগ্রেটেড সার্ভিস ল্যাবরেটরি এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিস ডিপার্টমেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মেডিসিন ব্লকে সম্প্রসারিত আরও ১৪টি আইসিইউ শয্যারও ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড সার্ভিস ল্যাবরেটরি তৈরি হয়েছে। নিউ টিচিং হাসপাতাল ১ এ চালু হয়েছে ১২ শয্যার সার্জিক্যাল আইসিইউ। এইচডিএফসি-র সহায়তায় ৩ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে ১৪ শয্যার মেডিসিন আইসিইউ। চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে এইচডিএফসি আরও ১ কোটি ৫০ লক্ষ টাকা সহায়তা দিয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, গত দুই বছরে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ন্যাশনাল হেলথ মিশন এবং এসএএসসিআই-এর মাধ্যমে ১৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যালোচনার পর চিকিৎসক-শিক্ষকের সংখ্যা ৩৩০ থেকে বাড়িয়ে ৬৩০ করা হয়েছে। রাজ্যের ৯৪ শতাংশ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে। পাশাপাশি, প্রায় ৩৬ লক্ষ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত নথি আধার-সংযুক্ত করার কাজ চলছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










