আগরতলা, ১৫ জুন, ২০২৫ঃ
ত্রিপুরায় আগামী ১৬ জুন থেকে ১৮ জুন, ২০২৫ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আগরতলা কেন্দ্র। ১৫ জুন প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং আসাম অঞ্চলে সৃষ্ট সাইক্লোনিক ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত আর্দ্র বায়ুর কারণে রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। ১৬ জুন সিপাহিজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় অতি ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য জেলায় ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বইতে পারে যার গতিবেগ থাকবে ৩০-৪০ কিমি/ঘণ্টা। ১৭ জুন পশ্চিম, সিপাহিজলা, গোমতি ও দক্ষিণ ত্রিপুরায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, অন্যান্য জেলায় থাকবে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া ৪০-৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত উঠতে পারে। ১৮ জুনও একই রকম আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে দৃশ্যমানতা কমে যাওয়া, যানজট, রাস্তায় জল জমে যাওয়া, গাছ উপড়ে পড়া, দুর্বল কাঠামোর ক্ষতি, ফসলের ক্ষয়ক্ষতি, ভূমিধস এবং হঠাৎ বন্যার মতো ঘটনা ঘটতে পারে। বজ্রপাতের কারণে মানুষ ও গবাদি পশুর আঘাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটতে পারে। জনগণকে সতর্ক থাকার পাশাপাশি ট্রাফিক ও আবহাওয়ার নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা জায়গা, গাছের নিচ বা বিদ্যুতের তার সংলগ্ন এলাকায় না যেতে বলা হয়েছে। বিদ্যুৎচালিত যন্ত্রপাতি বন্ধ রাখা, কৃষিকাজ সাময়িকভাবে স্থগিত করা এবং সুরক্ষিত স্থানে অবস্থান নিশ্চিত করার জন্য বলা হয়েছে।