আগরতলা, ৭ জুলাই ২০২৫ঃ
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সার্বিক উন্নয়ন এবং পরিকাঠামোগত সমস্যার সমাধানে আজ নতুন দিল্লিতে ষোড়শ অর্থ কমিশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরার পক্ষ থেকে এই বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যাগুলি কমিশনের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, বর্ষার সময় রাজ্যে সড়ক ও রেল যোগাযোগে মারাত্মক প্রতিবন্ধকতা দেখা দেয়। এই সমস্যা সমাধানে পরিকাঠামোগত উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ জানান তিনি। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের পরিকাঠামো উন্নয়নের বিষয়টি তুলে ধরে, ওই এলাকায় সার্বিক উন্নয়নের জন্য স্পেশাল গ্রান্টের দাবি জানান অর্থমন্ত্রী।
এছাড়াও, ফরেস্ট্রি ও ইকোলজির ক্ষেত্রে মোট বরাদ্দ অর্থের ২০ শতাংশ ব্যয় করার প্রস্তাব দেন তিনি। কৃষি, মৎস্য, ক্ষুদ্র, লঘু ও মাঝারি শিল্প এবং পর্যটন শিল্পেও বিশেষ অনুদানের আহ্বান জানানো হয়। রাজ্যে মাছ উৎপাদন বৃদ্ধির জন্য মৎস্য পরিকাঠামো তৈরিতে বিশেষ সহায়তার প্রয়োজনীয়তাও তুলে ধরেন অর্থমন্ত্রী।
সভায় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তাব দেন প্রণজিৎ সিংহ রায়। একইসঙ্গে, তিনি উল্লেখ করেন যে, রাজ্যের রাজস্ব আদায় অনেকাংশে নির্ভরশীল ভারত-বাংলাদেশ বাণিজ্যের উপর। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ত্রিপুরার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে প্রভাব ফেলছে বলে জানান তিনি। এই অস্থিরতা মেডিকেল ট্যুরিজম ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
সার্বিকভাবে রাজ্যের রাজস্ব ঘাটতির দিকটি বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।