আগরতলা, ২৭ জুন, ২০২৬ঃ
মদ্যপ বাবার হাতে দুই শিশু সন্তানের নৃশংস মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গণ্ডাছড়া মহকুমায়। ঘটনাটি ঘটেছে উল্টাছড়া এডিসি ভিলেজের ব্রু রিসেটেলমেন্ট ক্যাম্প এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত লালছুয়ানামা ব্রু শনিবার সকালে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রী রন্টারুং ব্রু এর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। অভিযোগ, ওই সময় স্ত্রীকে আক্রমণ করেন তিনি। প্রাণ বাঁচাতে স্ত্রী এক সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।
এরপর বাড়িতে থাকা১৩ বছরের কন্যা ঋষিকা খা হামতি ব্রু এবং ৪ বছরের পুত্র প্রিহ স্মাইনা ব্রুকে কাঠের টুকরো দিয়ে মারধর করেন লালছুয়ানামা ব্রু। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করেছে। গণ্ডাছড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেনসিক টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গণ্ডাছড়ার এসডিপিও এবং থানার ওসি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুই শিশুর দেহ গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।