আগরতলা, ২৩ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার সংসদ সদস্য বিপ্লব কুমার দেব বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন সড়ক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় টেকসই আরসিসি রাস্তা নির্মাণ ও কাজের গুণমান সংক্রান্ত বিষয়গুলিতে।
বিপ্লব দেব জানান, অতিবৃষ্টিপ্রবণ ত্রিপুরার ভূপ্রকৃতির কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও টেকসই আরসিসি রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া যে সমস্ত নির্মাণকাজ নিয়ে গুণগত মান নিয়ে সংশয় তৈরি হয়েছে, সেইসব কাজের পরীক্ষা করতে শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রকের উচ্চ পর্যায়ের এক পর্যবেক্ষক টিম ত্রিপুরায় পাঠানো হবে। তারা নির্মাণে কোনও ত্রুটি চিহ্নিত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠকে শান্তিরবাজার সংলগ্ন জাতীয় সড়ক ৮ এলাকার ড্রেনেজ ব্যবস্থাকে বার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্ত করার কথাও জানানো হয়েছে। পাশাপাশি গোমতি ও মুহুরী নদীর উপর আরসিসি সেতু নির্মাণ কাজ এবং আগরতলা-সাব্রুম এপ্রোচ রোড প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে নভেম্বর ২০২৫-এর মধ্যে সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে।
ত্রিপুরায় চলমান ১১টি বড় সড়ক প্রকল্পের বর্তমান অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এই উচ্চপর্যায়ের বৈঠকে।
ত্রিপুরার সড়ক পরিকাঠামো উন্নয়নে এই বৈঠক যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা আশা করছেন সংশ্লিষ্ট মহল।