আগরতলা, ২৪ জুলাই, ২০২৫ঃ
সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ত্রিপুরা সীমান্তে নারী জওয়ানদের জন্য আরামদায়ক ও আধুনিক আবাসনের ব্যবস্থা গ্রহণ করল। দক্ষিণ ত্রিপুরা জেলার একিনপুর বিওপি’তে বৃহস্পতিবার এক আধুনিক মহিলা ব্যারাকের উদ্বোধন করেন বিএসএফ ত্রিপুরা সীমান্ত সদর দপ্তরের আইজি অশ্বিনী কুমার শর্মা।
এই ব্যারাকটি আধুনিক সুযোগ সুবিধাসহ নির্মিত হয়েছে যাতে মহিলা প্রহরীরা নিরাপদ, স্বাস্থ্যকর ও সানন্দ পরিবেশে থাকতে পারেন। নারী কর্মীদের কাজের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিএসএফ কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইজি শর্মা বলেন, “বিএসএফ সব সময় মহিলা কর্মীদের শক্তিশালীকরণ এবং বাহিনীর মূল স্রোতে তাদের যুক্ত করার পক্ষে কাজ করে এসেছে। আমরা ধাপে ধাপে মহিলাদের যুদ্ধঘনিষ্ঠ দায়িত্বেও যুক্ত করছি, যা বাহিনীর গঠনগত বৈচিত্র্য ও সক্ষমতা বাড়াতে সাহায্য করছে।”
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে বিএসএফ মহিলা জওয়ানদের সীমান্ত চৌকিতে মোতায়েন শুরু করে এবং বর্তমানে মহিলারা সফলভাবে নজরদারি, চেকপোস্ট ডিউটি ও অন্যান্য কৌশলগত দায়িত্ব পালন করছেন।
এই আধুনিক মহিলা ব্যারাক উদ্বোধনের মাধ্যমে বিএসএফ তাদের নারী কর্মীদের কল্যাণে যে প্রতিশ্রুতি নিয়েছে, তা আরও এক ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে নারী জওয়ানদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যাবে বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা।