আগরতলা, ২৬ জুলাই ২০২৫ঃ
“ত্রিপুরার ছেলে-মেয়েদের মধ্যে প্রতিভার কোনও ঘাটতি নেই। রাজ্য সরকার খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নের দিকে অগ্রসর হয়েছে। ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।” ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত লাইফটাইম সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষে শনিবার আগরতলায় এক অনুষ্ঠানে ৭৯ জন নবীন সদস্যদের সংবর্ধনা জানানো হয়।
মুখ্যমন্ত্রী বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি একজন মানুষকে মানসিকভাবে সুগঠিত করে এবং বিপথগামিতা থেকে দূরে রাখে। ভবিষ্যতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আরও প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে, সরকার তাদের পাশে থাকবে সর্বতোভাবে।”
অনুষ্ঠানে উপস্থিত যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় জানান, বর্তমান সরকারের আমলে রাজ্যে ক্রীড়াক্ষেত্রে দ্রুত উন্নয়ন ঘটছে। পরিকাঠামোগত উন্নয়নের ফলে রাজ্যের ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছেন।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে এবং সভাপতি তপন লোধ অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজ্যের ক্রিকেট উন্নয়নে করণীয় বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রাক্তন বিচারপতি এবং ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধ-সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের ক্রীড়ামহলে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নবীন সদস্যদের সংবর্ধনার মধ্য দিয়ে রাজ্যের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার ঘটবে বলেই মনে করা হচ্ছে।