আগরতলা, ১৮ জুন, ২০২৬ঃ
সারা দেশের সঙ্গে আগামী ২১ জুলাই ত্রিপুরাতেও অনুষ্ঠিত হবে নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা। এই পরীক্ষায় রাজ্যের দুই জেলার মোট ১০টি কেন্দ্রে ৪,৪৮৫ পরীক্ষার্থী অংশ নেবে। পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজ্য প্রশাসন।
বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের মোট ১০টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে একটি ধলাই জেলায় এবং বাকি ৯টি পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত।
তিনি জানান, পরীক্ষার নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ মোতায়েন থাকবে। পাশাপাশি প্রশ্নপত্র পরিবহন ও বিতরণের দায়িত্বে থাকবে ভারতীয় ডাক বিভাগ এবং ভারতীয় বায়ুসেনা। পরীক্ষাকেন্দ্রগুলির সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে রাজ্য পুলিশ।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ১১টা থেকে পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই আড়াই ঘণ্টার মধ্যে সকল পরীক্ষার্থীর তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র বিতরণের সম্পূর্ণ প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালিত হবে। পরীক্ষার স্বচ্ছতা, নিরাপত্তা এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে একাধিক স্তরে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজ্য প্রশাসনের আশা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সুপরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।