আগরতলা, ১৮ জুন, ২০২৬ঃ
ত্রিপুরায় সিপিআইএম এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগরতলা দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি, পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম ও ত্রিদিব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ রাজ্য কমিটির সদস্যরা।
বৈঠক প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান, এটি দলের নিয়মিত সাংগঠনিক বৈঠক। এখানে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল এবং রাজ্যের টিটিএএডিসি এর নির্বাচনী ফলাফল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, এডিসি নির্বাচনের ফলাফল বিশ্লেষণের পাশাপাশি আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল এবং সাংগঠনিক কর্মসূচি নিয়েও আলোচনা হবে। বৈঠকের আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন, বৈঠকে দলের সাংগঠনিক শক্তি, নির্বাচনী ফলাফল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।