আগরতলা, ৮ আগস্ট, ২০২৫ঃ
আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তুল্লাবাজি ও অবৈধ হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ব্যবসায়ী ও যানবাহন চালকদের একাংশ অভিযোগ করেছেন, ডিউটিতে থাকা কনস্টেবল বিশ্বজিৎ মালাকার নিয়ম বহির্ভূতভাবে ‘ওভারলোড’ এর অজুহাতে অর্থ আদায়ের চেষ্টা করেন।
অভিযোগ, বিশ্বজিৎ মালাকার আইনী জরিমানা না দিয়ে ব্যক্তিগতভাবে টাকা দাবী করেন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ক্রেতা-বিক্রেতা ও চালকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার জয়ন্ত কুমার দে। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে একটি অংশের পুলিশ সদস্যরা এই ধরনের অবৈধ আদায়ে লিপ্ত রয়েছেন। প্রতিনিয়ত সবজি ও অন্যান্য পণ্য পরিবহনের সময় অহেতুক ‘জরিমানা’ এবং আইনের ভয় দেখিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ খবর অনুযায়ী, অভিযুক্ত কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।