আগরতলা, ৮ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রাজ্যের আদিবাসী জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২৫০ কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই অর্থ বরাদ্দ এসেছে বিশেষ উন্নয়ন প্যাকেজের আওতায়, যা ভারতের কেন্দ্র ও ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে এনএলএফটি ও এটিটিএফ, এই দুই পূর্ববর্তী জঙ্গি সংগঠনের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির অংশ হিসেবে।
এই ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার সামাজিক মাধ্যমে লেখেন, “ত্রিপুরার প্রান্তিক ও অবহেলিত জনগণের উন্নয়নে এই বরাদ্দ একটি বড় পদক্ষেপ।” তিনি জানান, এই অর্থ ব্যবহৃত হবে চাকরি সৃষ্টিতে, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা সম্প্রসারণে, মহিলাদের ও যুবকদের জন্য জীবিকা ও দক্ষতা উন্নয়নে এবং পর্যটন বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে।
এদিকে এই উদ্যোগকে সাদুবাদ জানিয়ে তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা এক আবেগঘন বার্তা দেন। তিনি বলেন, “এই মুহূর্তে শান্তি চুক্তি স্বাক্ষরের এক বছর পূর্ণ হয়েছে – যা এএটিএফ, এনএলএফটি এবং ভারত সরকার যৌথভাবে স্বাক্ষর করেছিল। আমরা কৃতজ্ঞ যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। কারণ বর্তমানে বাংলাদেশে একটি ভারত-বিরোধী মনোভাবসম্পন্ন সরকার ক্ষমতায় এসেছে। সেই পরিস্থিতিতে, যদি শান্তি চুক্তি আগে না হতো, তাহলে আইএসআই এই প্রাক্তন জঙ্গি গোষ্ঠীগুলিকে ব্যবহার করে আমাদের অঞ্চলে নতুন করে অশান্তি সৃষ্টি করতে পারত।”
তিনি আরও বলেন, “আমি আশাবাদী, ভারত সরকার পুনর্বাসনের জন্য যে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে, তা দ্রুত মঞ্জুর করা হবে। ত্রিপুরা যখন হিংসা ও সন্ত্রাসমুক্ত হবে, তখনই এক নতুন আগামীর সূচনা সম্ভব।”