আগরতলা, ২২ আগস্ট, ২০২৫ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিরাম প্রয়াসে দেশের প্রতিরক্ষা ক্ষেত্র আজ আত্মনির্ভর ও আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার আসাম রাইফেলস ত্রিপুরা সেক্টরের উদ্যোগে আয়োজিত বিশেষ ড্রোন মহড়ায় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী এ কথা বলেন।
আগরতলার আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত এ মহড়ায় ভারতীয় সেনা ও আসাম রাইফেলসের জওয়ানরা আধুনিক ড্রোন প্রযুক্তির নানা কৌশল প্রদর্শন করেন। বিশেষ করে শত্রুপক্ষের ড্রোন মোকাবিলা এবং সন্ত্রাসবাদ দমন অভিযানে ড্রোন ব্যবহারের বাস্তব প্রয়োগ মহড়া করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা-নির্দেশক অনুরাগ ধ্যানকর, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ চক্রবর্তী এবং আসাম রাইফেলস উত্তর-পূর্বাঞ্চলের আইজি। এছাড়া বিপুল সংখ্যক স্কুল ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষও এই মহড়া প্রত্যক্ষ করেন।
জওয়ানদের মনোবল বাড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। বিশেষত যুদ্ধ পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় আধুনিক ড্রোন প্রযুক্তি আমাদের সামরিক শক্তিকে নতুন মাত্রা দিয়েছে।”
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, এই মহড়া শুধু আধুনিক যুদ্ধ কৌশলের প্রদর্শনী নয়, বরং নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও দক্ষতার এক উজ্জ্বল নিদর্শন, যা রাজ্যের মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।