আগরতলা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ঃ
প্রতি বছরের মতো এবছরও দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে পুর নিগম এলাকার ক্লাবগুলিকে পুরস্কৃত করবে আগরতলা পুর নিগম। এই উপলক্ষে মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে বিচারক মণ্ডলীর সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
মেয়র দীপক মজুমদার জানান, পূজা উদ্যোক্তাদের চারটি জোনালে চারটি বিষয়ে সেরা ক্লাব বাছাই করে প্রতিটি ক্লাবকে সুদৃশ্য ট্রফি ও ২৫ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সারা শহর থেকে পাঁচটি সেরার সেরা ক্লাবকে নির্বাচিত করে দেওয়া হবে ৫০ হাজার টাকা ও ট্রফি। মোট ২১টি ট্রফি এবং নগদ পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।
মেয়র আরও বলেন, প্রতিটি পূজা উদ্যোক্তার প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা তাদের পূজা মণ্ডপে এইডস প্রতিরোধ ও বিভিন্ন সামাজিক ব্যাধি বিরোধী সচেতনতার বার্তা তুলে ধরে। একই সঙ্গে প্রতিটি ক্লাবকে রেজিস্ট্রেশন করার আবেদনও জানানো হয়েছে।
প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে মেয়র জানান, দশমীঘাটে প্রায় ৩০০টির বেশি প্রতিমা ও শহরসংলগ্ন ১৩টি ঘাটে আরও প্রায় ৩০০ প্রতিমা নিরঞ্জন করা হবে। এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে অতিরিক্ত কর্মী নিয়োগ ও দশমীঘাট এলাকায় ৫০ জন ঢাকীর ব্যবস্থা থাকবে। এ ছাড়া নিরঞ্জন স্থলে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
মেয়র দীপক মজুমদার বলেন, “দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য সবারই দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত।”