আগরতলা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগরতলা শহরে যথাযথ নাগরিক পরিষেবার দাবিতে আজ সরব হলো রাজ্যের দুই বিরোধী দল কংগ্রেস ও সিপিএম। পানীয় জল, বিদ্যুৎ, গ্যাস ও নিকাশি ব্যবস্থার স্বাভাবিকীকরণের দাবিতে মঙ্গলবার সদর জেলা কংগ্রেস কমিটি আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদান করে।
এর আগে কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমণ শেষে পুর নিগম কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, পুর নিগম এলাকায় নাগরিকরা একাধিক সমস্যার মধ্যে ভুগলেও পরিষেবা স্বাভাবিক রাখতে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। এদিনের ডেপুটেশনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, স্মার্ট সিটির নামে জনদুর্ভোগ তৈরি, যানজট বৃদ্ধি, ড্রেন নির্মাণের কাজে অনিয়ম ও জনগণকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম।
বিরোধী দলের এই যুগপৎ আন্দোলনে আগরতলা শহরজুড়ে উত্তেজনা ছড়ায়।