আগরতলা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় শারদ উৎসব ঘিরে রাজ্যজুড়ে চাঁদাবাজির প্রতিবাদে সরব হলো বিজেপির শ্রমিক সংগঠন মজদুর মনিটরিং সেল। সংগঠনের অভিযোগ, চুরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত বিভিন্ন স্থানে কয়েকটি ক্লাব ও শ্রমিক সংগঠন বিশ্বকর্মা ও দুর্গাপূজার নামে রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ড্রাইভারদের মারধর এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে।
এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে আগরতলার ফায়ার সার্ভিসস্থিত পুলিশ হেডকোয়ার্টারে রাজ্যের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে জানানো হয়, কিছু অসাধু ব্যক্তি চাঁদা সংস্কৃতি পুনরায় চালু করে বর্তমান সরকারকে বদনাম করার অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশ মহানির্দেশক আশ্বাস দিয়ে বলেন, যেকোনো ঘটনার ক্ষেত্রে অবিলম্বে জানালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য তিনি একটি বিশেষ মোবাইল নম্বরও সংগঠনের হাতে তুলে দেন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পূর্বে চাঁদাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিলেও, এখনও ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত বিভিন্ন স্থানে এই ধরনের চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।