আগরতলা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আগরতলা পুর নিগমের কোটি টাকার চেক জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার হলেন অভিযুক্ত এক ব্যাঙ্ক কর্মী। ইউকো ব্যাঙ্কের কামান চৌমুহনী শাখার ক্যাশিয়ার রামিয়ানি শ্রীময়িকে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, এসআইটি। আসামের বাসিন্দা এই মহিলা কর্মী আগরতলায় ভাড়া থেকে চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রামিয়ানি আগরতলা পুর নিগমের কোটি কোটি টাকা চেক জালিয়াতি করে রাজ্যের বাইরে অন্তত পাঁচটি ভুয়ো অ্যাকাউন্টে পাঠিয়েছেন। আগস্ট মাস থেকে শুরু হওয়া এই জালিয়াতিতে ছয় দফায় বিপুল পরিমাণ অর্থ গায়েব হয়। গত ৬ সেপ্টেম্বর ১৬ কোটি ৩৮ লক্ষ টাকা গায়েব হওয়ার পর পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের হয়।
অভিযোগ, প্রতারকদের কাছ থেকে টাকার বিনিময়ে রামিয়ানি ইচ্ছাকৃতভাবে আরটিজিএস লেনদেনের তথ্য পুর নিগমকে জানাননি। তবে তিনি একা নন—পেছনে যুক্ত রয়েছে পুর নিগমেরই এক কর্মী এবং হায়দ্রাবাদ-ভিত্তিক প্রতারক চক্র।
পশ্চিম আগরতলা মহিলা থানায় রেখে রামিয়ানিকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যে লুট হয়ে যাওয়া ১৬ কোটি টাকার মধ্যে প্রায় সাত কোটি টাকা উদ্ধার করেছে। বাকি নয় কোটি টাকা এখনও রাজ্যের বাইরে রয়েছে। সেই অর্থ উদ্ধারে একটি বিশেষ টিমকে হায়দ্রাবাদসহ অন্যান্য জায়গায় পাঠানোর প্রস্তুতি চলছে।