আগরতলা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ঃ
ত্রিপুরায় সরকারি সারের অভাবজনিত সংকটের কারণে কৃষকরা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে আমন ধান ও সবজি চাষের মরসুমে এই সংকট কৃষকদের চরম বিপাকে ফেলেছে। শনিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।
তিনি জানান, কার্যত সারা ভারত কৃষক সভার বিভিন্ন মহকুমা সম্মেলন থেকে প্রাপ্ত রিপোর্টে উঠে এসেছে যে, মোহনপুরে সারের সর্বাধিক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি দক্ষিণ জেলা, গোমতী ও সিপাহীজলাতেও একই পরিস্থিতি চলছে।
পবিত্র কর আরও অভিযোগ করেন, আলুর বীজ সরকারিভাবে না দেওয়ায় কৃষকরা সমস্যার মুখে পড়েছেন। এছাড়াও সম্প্রতি সরকারিভাবে ধান ক্রয় করা হলেও বহু কৃষক এখনো সেই ধানের অর্থ পাননি।
শুধু তাই নয়, উৎসবের মুখে রাজ্যে রাবারের দাম হ্রাস পাওয়ায় রাবার চাষীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে তিনি দাবি করেন, সরকারের উচিত দ্রুত রাবারের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া।