আগরতলা, ৭ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরায় উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ভিলেজ কমিটির নির্বাচন আটকে রাখা নিয়ে খুব প্রকাশ করলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। এই দিন তিনি তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এই দীর্ঘসূত্রিতাকে “গণতান্ত্রিক ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘ বিলম্ব” বলে উল্লেখ করেন।
২০২১ সালে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে রাজ্য সরকার নির্বাচন করায়নি। নির্বাচন আয়োজনের দাবিতে তিপ্রামথা দলের পক্ষে দায়ের এক মামলায় অবিলম্বে নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। কিন্তু ত্রিপুরা সরকারের তরফে কোন উদ্যোগ নেওয়া হয়নি। এর পরবর্তীতে তিপ্রামথা দলের পক্ষে প্রদ্যোত কিশোর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। এই মামলায় ইতিমধ্যে রাজ্য সরকারকে নোটিশ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি দিন ঠিক হয়েছে আগামী ২৭ ও ২৮ অক্টোবর। প্রদ্যোত কিশোর অভিযোগ করেন, রাজ্য প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভিলেজ কমিটি নির্বাচন আটকে রেখেছে। ফলে গ্রাম স্তরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠী। শুধুমাত্র সরকারি আধিকারিকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প। ২০২১ সাল থেকে তিপ্রামথা ত্রিপুরা উপজাতি জেলা পরিষদের ক্ষমতায় থাকলেও ভিলেজ কমিটি কোন জনপ্রতিনিধি না থাকায় রাজ্যের আদিবাসী জনগণের কাছে কোন সরকারি সহযোগী সুযোগ-সুবিধা পৌঁছে দিতে পারছে না তিপ্রামথা। ফলে দলের ওপর আদিবাসী জনগণের ক্ষোভ বাড়ছে।