আগরতলা, ২১ অক্টোবর, ২০২৫ঃ
২৩ অক্টোবর রাজ্য সরকার এবং সরকার অধিগৃহীত সংস্থা সমূহে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে আগামী ২৩ অক্টোবর, ২০২৫ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা বনধের ডাক দেওয়ার বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে উল্লেখিত ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে সমস্ত সরকারি দপ্তর, সরকার অধিগৃহীত সংস্থা সমূহ এবং রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে। সমস্ত সরকারি কর্মচারি ও সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারিগণ ঐদিন তাদের নিয়মিত দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দপ্তর, অধিগৃহীত সংস্থাসমূহের কর্মচারিদের হাজিরা সম্পর্কিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসনের কাছে পাঠানোর জন্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা নেতৃত্বে সিটিজেন ফোরামস অফ ত্রিপুরা নামে একটি সামাজিক সংগঠন তাদের ৮ দফা দাবির ভিত্তিতে ২৩ অক্টোবর সারা রাজ্যে ২৪ ঘণ্টার বন্ধ ডাক দিয়েছে। সংগঠনের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হলো রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশকারী বিদেশী নাগরিকদের চিহ্নিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো। তাছাড়াও ২০২৪ সালে কেন্দ্র ও ত্রিপুরা সরকার এবং তিপ্রামথা দলের মধ্যে স্বাক্ষরিত তিপ্রাসা একোর্ড চুক্তির সফল বাস্তবায়নের দাবি তুলেছে সংগঠন। পাশাপাশি রাজ্যের উপজাতি সশাহিত জেলা পরিষদ এলাকায় ইনার লাইন পারমিট চালু করার দাবিও করছে সংগঠন।