আগরতলা, ২৪ অক্টোবর ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে বেঙ্গালুরুর এস্টার সিএমআই হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং নিজে থেকেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে তার মৃত্যুর একটি ভুয়া খবর সম্প্রচারিত হয়।
৭২ বছর বয়সী বিশ্ববন্ধু সেন গত ১১ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তার মস্তিষ্কের বাম দিকের গ্যাংলিওক্যাপসুলার অঞ্চলে রক্তক্ষরণ হওয়ায় প্রথমে ত্রিপুরায় একটি ডিকমপ্রেসিভ ক্রেনিওটমি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বেঙ্গালুরুর এস্টার সিএমআই হাসপাতালে স্থানান্তর করা হয়।
গ্লোবাল সেন্টার ফর এক্সিলেন্স-এর ডিরেক্টর ও লিড কনসালট্যান্ট নিউরোসার্জন ডাঃ রবি গোপাল ভার্মা এবং তাঁর টিম। ১২ আগস্ট তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার করেন। ২ অক্টোবর তাঁর প্রতিক্রিয়াশীলতা কিছুটা কমে গেলে পুনরায় সিটি স্ক্যান করা হয়, তাতে মস্তিষ্কে হাইড্রোসেফালাস ধরা পড়ে। এরপর চিকিৎসকরা “প্রোগ্রামেবল ভেন্ট্রিকুলো-পেরিটোনিয়াল শান্ট” প্রতিস্থাপন করেন।
বর্তমানে বিশ্ববন্ধু সেন ট্র্যাকিওস্টমির মাধ্যমে স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন এবং শরীরের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। তাকে টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, কৃত্রিম হাড়ের ইমপ্লান্ট পৌঁছানোর পর তাঁর মাথার হাড় পুনর্গঠন অস্ত্রোপচার করা হবে।
হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সার্বিক সুস্থতা ক্রমাগত উন্নতির পথে রয়েছে।