আগরতলা, ১১ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত “ইউনিটি প্রমো ফেস্ট–২০২৫”-এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলীকে আমন্ত্রণ জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার কলকাতার বেহালায় তার বাড়িতে গিয়ে সৌরভ গাঙ্গুলীকে আমন্ত্রণ জানিয়েছেন মন্ত্রী।
১২ ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে “প্রমো ফেস্ট–২০২৫”-এর সমাপ্তি অনুষ্ঠান। উৎসবের এই মহাসমারোহে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প, পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা প্রদর্শিত হবে। সমাপনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্য ও দেশের বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ত্রিপুরা সরকার জানিয়েছে, সৌরভ গাঙ্গুলীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের উপস্থিতি রাজ্যের পর্যটন প্রচারে এক নতুন মাত্রা যোগ করবে। তাঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ভূমিকা ইতিমধ্যেই রাজ্যের পর্যটন চিত্রকে জাতীয় পরিসরে তুলে ধরতে সাহায্য করেছে।
ত্রিপুরা পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, “সৌরভ গাঙ্গুলী ত্রিপুরার পর্যটন সম্ভাবনায় গভীর আগ্রহ দেখিয়েছেন এবং ভবিষ্যতে রাজ্যকে পর্যটন মানচিত্রে বিশেষভাবে প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগে সহযোগিতা করবেন বলে আশাবাদী আমরা।”