আগরতলা, ১৭ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার খোয়াই জেলার কমলপুর হালহালিতে এক ইটভাট্টায় শুক্রবার চিমনি ধসে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও অন্তত ৪ জন শ্রমিক গুরুতরভাবে আহত হন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবিসি ইটভাট্টায় পূজা দেওয়ার সময় হঠাৎ করে চুল্লি ও চিমনির একটি অংশ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিক চাপা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসডিআরএফ, ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করেন।
আহত শ্রমিকদের ধলাই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত ও নিহতদের সঠিক নাম। পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি সরকার আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।