আগরতলা, ১৯ ডিসেম্বর, ২০২৫ঃ
বাংলাদেশের ভারতীয় ভিসা অফিসে সাম্প্রতিক বিক্ষোভ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল তথা ‘সেভেন সিস্টার’ দখলের হুমকির প্রতিবাদে শুক্রবার আগরতলায় তীব্র বিক্ষোভে সামিল হল ওয়াইটিএফ। এই দিন আগরতলায় সার্কিট হাউস এলাকায় বাংলাদেশ সরকারি হাইকমিশনার কার্যালয়ের সামনে ভিআইপি রোড দখল করে বিক্ষোভ দেখান ওয়াইটিএফ কর্মী সমর্থকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি বাংলাদেশের এক নেতা হাসনাত আব্দুল্লা উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে আলাদা করার যে হুমকি দিয়েছেন, তা অত্যন্ত উসকানিমূলক ও দুর্ভাগ্যজনক। ওয়াইটিএফ নেতৃত্বের দাবি, এই ধরনের মন্তব্য শুধু ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য ক্ষতিকর নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি সৃষ্টি করে।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে টিএসএফ নেতৃত্বও বক্তব্য রাখেন। তাঁদের দাবি, বাংলাদেশ যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না রেখে উত্তর-পূর্ব ভারতকে আলাদা করার মতো হুমকি দিতে থাকে, তবে পাল্টা প্রতিক্রিয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ‘তিপ্রা ল্যান্ড বিচ’ গঠনের দাবি উঠতে পারে।
বিক্ষোভ ঘিরে সার্কিট হাউস এলাকা ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়া। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।