আগরতলা, ২০ ডিসেম্বর, ২০২৫:
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় সনাতন হিন্দু সেনা সমাজ। একইসঙ্গে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় হাই কমিশন অফিসের সামনে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনাতেও সংগঠনটি তীব্র প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ধারাবাহিক আক্রমণ ও নিপীড়নের ঘটনা ঘটছে, যা গভীর উদ্বেগের বিষয়। এদিন সনাতন হিন্দু সেনা সমাজের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি তুলে দেয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভ চলাকালীন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই নিয়ন্ত্রিত থাকে।