আগরতলা, ৭ জানুয়ারি, ২০২৬ঃ
আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের চিকিৎসকরা দীপালি দেববর্মা নামের এক গুলিবিদ্ধ তরুণীর হৃদপিন্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন করে তার জীবন রক্ষা করেছেন।
ঘটনা ঘটে খুমুলুঙ এডিসির সদর দপ্তর এলাকার শ্যামানন্দ পাড়ায়। গত ৩ জানুয়ারি শনিবার রাত সাড়ে দশটার সময় দীপালিকে তার ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ভাইয়ের তথ্য অনুযায়ী, অসাবধানতাবশত বন্দুকের একটি গুলি দীপালির শরীরে লাগে এবং তিনি গুরুতর আহত হন।
জিবিপি হাসপাতালের চিকিৎসকরা দ্রুত রোগীর পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং শারীরিক অবস্থার গুরুত্ব অনুধাবন করে সিটিভিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ সিটিভিএস সার্জন ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেন। ডাঃ ভট্টাচার্য রোগীর শারীরিক অবস্থার মূল্যায়ন শেষে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করার সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচারে দশ সদস্যের সার্জিকেল টিম, ক্যাথল্যাবের ফ্লুরোসকপি যন্ত্রের মাধ্যমে হৃদপিন্ডের পেরিকার্ডিয়ামে থাকা গুলিটি চিহ্নিত করে এবং সফলভাবে বের করে আনে।
বর্তমানে দীপালি দেববর্মা সংকটমুক্ত এবং আইসিইউ-তে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে এই সুসংবাদ জানানো হয়েছে।