আগরতলা, ৯ জানুয়ারি, ২০২৬ঃ
ডম্বুর জলাশয়ে অবশেষে ভেসে উঠল নিখোঁজ যুবক ধর্মজিৎ চাকমার মৃতদেহ। বুধবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট নাগাদ রাইশ্যাবাড়ি থানাধীন হেলিপ্যাড সংলগ্ন ডম্বুর জলাশয় থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত ধর্মজিৎ চাকমা গণ্ডাছড়া থানার অন্তর্গত ভাকতপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গত ৪ জানুয়ারি হেলিপ্যাড সংলগ্ন এলাকায় নৌকা থেকে পড়ে ডম্বুর জলাশয়ে তলিয়ে যান ধর্মজিৎ। ঘটনার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনডিআরএফ এর একটি ডুবুরি দল দীর্ঘ সময় ধরে জলাশয়ে তল্লাশি চালালেও তার সন্ধান পায় নি।
পরে স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় বড় বড় জাল ফেলে জলাশয়ে দেহ উদ্ধারের চেষ্টা চালানো হয়। মৎস্যজীবীরা জানান, জলাশয়ের গভীরতা এবং তীব্র শীতের কারণে উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।
শেষ পর্যন্ত বুধবার ভোরে ডম্বুর জলাশয়ে ভেসে ওঠে ধর্মজিৎ চাকমার মৃতদেহ।
গত ৪ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নারকেল কুঞ্জ এলাকায় কুল বিক্রি করে বাড়ি ফেরার পথে হেলিপ্যাড সংলগ্ন এলাকায় নৌকা থেকে পড়ে যান ধর্মজিৎ চাকমা। জল থেকে আর উঠে আসতে পারেননি তিনি।