আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত চার মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে ট্রমা সেন্টারের ৪ জন চিকিৎসকসহ মোট ২২ জন স্বাস্থ্যকর্মী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন।
অভিযোগ, গত বছরের নভেম্বর মাস থেকে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। একাধিকবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। বেতন প্রদানে দীর্ঘসূত্রিতা ও প্রশাসনিক জটিলতার কারণে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান।
স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, “ডাক্তারের চাকরিতেও যদি বেতনের নিশ্চয়তা না থাকে, তাহলে কীভাবে পরিবার চালাব?” চার মাস ধরে বেতন না পাওয়ায় অনেকে ঋণের বোঝা বাড়িয়েছেন, কারও কারও নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতেও সমস্যা হচ্ছে।
ট্রমা সেন্টার রাজ্যের দুর্ঘটনা ও জরুরি চিকিৎসা পরিষেবার অন্যতম প্রধান ভরসাস্থল। কর্মবিরতির জেরে জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রোগী ও তাদের পরিবার চরম দুর্ভোগে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, সংশ্লিষ্ট কর্মীরা দাবি তুলেছেন—অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ এবং ভবিষ্যতে নিয়মিত বেতন প্রদানের লিখিত নিশ্চয়তা দিতে হবে। তা না হলে কর্মবিরতি চলবে।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে প্রশাসনিক স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাপনায় আর্থিক ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সমাধান না হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।