আগরতলা, ১৭ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা এডিসি নির্বাচনে একতরফা জয় তুলে নিল তিপ্রামথা। মোট ২৮টি আসনের মধ্যে ২৪টি আসন জিতে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে আঞ্চলিক এই দলটি।
নির্বাচন কমিশনের এক আধিকারিক বিপুল বর্মন জানান, ঘোষিত ফলাফলে তিপ্রামথা ২৪টি আসনে জয়ী হয়েছে, অন্যদিকে বিজেপি জয় পেয়েছে ৪টি আসনে। রাজ্যের অন্য দুই বিরোধী দল কংগ্রেস ও সিপিএম একটি আসন জয় করতে পারেনি।
জয়ের পর দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা বলেন, “ঘৃণার ওপর ভালোবাসার জয় হয়েছে। এই জয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। রাজ্যের শান্তি ও উন্নয়নের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”
পরাজয় স্বীকার করে রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ বলেন, “ভোটাররা আবেগের ভিত্তিতে ভোট দিলে জয়ের সম্ভাবনা কম থাকে। উন্নয়নের ভিত্তিতেই বিজেপিকে বেছে নেওয়া উচিত ছিল।”
এই ফলাফল রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
২০২০ সালে ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবিকে সামনে রেখে গঠিত এই দলটির এটি পরপর দ্বিতীয় জয়। অন্যদিকে, সিপিআইএম ও কংগ্রেস টানা দ্বিতীয়বারের মতো একটিও আসন পেতে ব্যর্থ হয়েছে।