আগরতলা, ১৯ এপ্রিল, ২০২৬ঃ
উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির-এ আগুন লেগেছে, রবিবার সকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ঘিরে ছড়িয়ে পড়ে এই খবর। এই খবরকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করছে গোমতী জেলা প্রশাসন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। মন্দিরের পাশে অবস্থিত ট্রাইবাল গেস্ট হাউসের ছাদে শুকনো পাতা ও আবর্জনায় সামান্য আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জেলা প্রশাসন আরও জানিয়েছে, যাচাই ছাড়া এ ধরনের ভুয়া খবর ছড়ানো হলে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি হয়। তাই সংবেদনশীল খবর প্রকাশ বা প্রচারের আগে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করার জন্য সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি কড়া সতর্কবার্তায় বলা হয়েছে, কেউ যদি ভুয়া খবর বা গুজব ছড়ানোর সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সকলকে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে।