আগরতলা, ২১ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া উত্তেজনা ও হিংসার ঘটনার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মোট ২৫৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রথম কিস্তি হিসেবে মোট ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে।
সংশ্লিষ্ট জেলা শাসক ও কালেক্টরদের দ্রুত এই সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সহায়তার ফলে রাজ্যের ৮টি আরডি ব্লকের মোট ২৫৮টি পরিবার উপকৃত হবে বলে জানা গেছে।
অভিযোগ, কিছু দুষ্কৃতী দলীয় পরিচয়ের আড়ালে হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর জেরে একাধিক এলাকায় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রাণের ভয়ে বহু পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এখনও আক্রান্ত এলাকাগুলিতে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
অন্যদিকে, ‘ত্রিপুরা রিকভারি অফ ড্যামেজেস টু পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি অ্যাক্ট, ২০২১’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে সরকার। আইনের বিধান অনুসারে, যেসব দুষ্কৃতী এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী, তাদের কাছ থেকেই নষ্ট হওয়া সম্পত্তির মূল্য আদায় করা হবে এবং সেই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে বণ্টন করা হবে।