আগরতলা, ২৩ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় নতুন মাইলফলক স্থাপন করলো গোমতী জেলা হাসপাতাল। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড, জাতীয় গুণমান নিশ্চিতকরণ মান শংসাপত্র অর্জন করেছে এই হাসপাতাল।
বৃহস্পতিবার গোমতী জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারের দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সাফল্যের কথা জানানো হয়। হাসপাতালের মোট ১৪টি বিভাগের উপর বিস্তারিত মূল্যায়নের ভিত্তিতে সামগ্রিকভাবে ৯৭.০৯ শতাংশ স্কোর অর্জন করেছে গোমতী জেলা হাসপাতাল, যা রাজ্যের অন্যান্য হাসপাতালগুলির মধ্যে সর্বোচ্চ।
বিভাগভিত্তিক ফলাফলেও নজরকাড়া সাফল্য দেখা গেছে। জরুরি বিভাগে ৯৮.৬৫ শতাংশ, শিশু বহির্বিভাগে ৯৮.১৪ শতাংশ এবং ক্লিনিক্যাল সার্ভিসেস বিভাগে ৯৮.০৫ শতাংশ স্কোর অর্জিত হয়েছে। এছাড়াও পরিষেবা গুণমান ও ঝুঁকি ব্যবস্থাপনায় হাসপাতাল ১০০ শতাংশ এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ৯৭.৭৭ শতাংশ নম্বর পেয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ভবিষ্যতে অন্যান্য হাসপাতালের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. কমল রিয়াং এবং গোমতী জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. কাজল কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।