আগরতলা, ২৬ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় ইকফাই বিশ্ববিদ্যালয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রসপেক্টাস প্রকাশ করল রবিবার। এদিন এক সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯টি নতুন পেশাগত কোর্স সহ মোট ৫৯টি পেশাগত কোর্সের এই প্রসপেক্টাস প্রকাশ করল।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ বিপ্লব হালদার জানান, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের চাহিদা ও বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ৯টি নতুন পেশাগত কোর্স চালু করা হয়েছে। নতুন কোর্সগুলির মধ্যে রয়েছে পাঁচটি স্নাতক স্তরের প্রোগ্রাম, ব্যাচেলর অব অপটোমেট্রি, বি.এসসি নার্সিং, বি.এসসি ক্লিনিক্যাল সাইকোলজি (অনার্স), বি.টেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এআই ও এমএল) এবং বি.ফার্ম। এছাড়াও একটি স্নাতকোত্তর কোর্স, মাস্টার অফ ডায়ালাইসিস থেরাপি টেকনোলজি, একটি ডিপ্লোমা কোর্স, ডি ফার্ম এবং ফরাসি ভাষা ও হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের দুটি সার্টিফিকেট কোর্স চালু করেছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৩,৪৯৬ জন শিক্ষার্থী প্রায় ১২.৭৪ কোটি টাকার বৃত্তি পেয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব “এন. জে. যশস্বী মেমোরিয়াল মেরিট স্কলারশিপ” অন্তর্ভুক্ত রয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন রেজিস্ট্রার ডঃ এ. রঙ্গনাথ, ডিন ডঃ পি. রানা বড়ঠাকুর ও প্রিন্সিপাল ডঃ মৌসুমি বিশ্বাস।