আগরতলা, ২৭ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরার বিভিন্ন জেলায় ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের আগরতলা কেন্দ্র থেকে এই পূর্বাভাস জারি করা হয়েছে সোমবার।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্য জেলাগুলিতে হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে। পাশাপাশি রাজ্যের সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
এই আবহাওয়ার ফলে বিভিন্ন ধরনের সমস্যার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়া, যানজট, জল জমা, গাছ উপড়ে পড়া এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচা বাড়িঘর ও দুর্বল স্থাপনার ক্ষতি হতে পারে। এছাড়া হঠাৎ বন্যা ও ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফসলের ক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা রয়েছে, বিশেষ করে যেসব ফসল পরিপক্ব অবস্থায় রয়েছে। বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে মানুষ ও গবাদিপশুর আঘাত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এই পরিস্থিতিতে সার্বিকভাবে, এই সময়ে সকলকে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।