আগরতলা, ২৭ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা বিধানসভায় আগামী ৩০ এপ্রিল এক দিনের জন্য এক বিশেষ অধিবেশনের আহ্বান করেছে সরকার পক্ষ। সোমবার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকের পর এই ঘোষণা করেন সংসদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, এই বিশেষ অধিবেশনে ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকার আরও শক্তিশালী ও সুরক্ষিত করার লক্ষ্যে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ এর মাধ্যমে ১৩১তম সাংবিধানিক সংশোধনী বিল পুনরায় উত্থাপনের বিষয়ে আলোচনা হবে।
তিনি আরও জানান, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ মোট ১৭ জন বিধায়কের আবেদনের ভিত্তিতে অধ্যক্ষ রামপদ জমাতিয়া এই অধিবেশন আহ্বান করেছেন।
নোটিস অফ মোশন আকারে জমা দেওয়া ওই প্রস্তাবে দেশের সমস্ত সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এছাড়া লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ নিশ্চিত করতে ১৩১তম সংশোধনী বিল, নারী শক্তি বন্দন অধিনিয়ম পুনরায় উত্থাপন ও পাশ করানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই অধ্যক্ষ এই বিশেষ অধিবেশন ডেকেছেন এবং তার প্রস্তুতি হিসেবে আজ বিএসি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।