আগরতলা, ৫ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় এক বিজেপি কাউন্সিলর রাহুল কিশোর রায়-এর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর এবং বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়কে তাঁর বাড়ির বাথরুম থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সোমবার। উপনির্বাচনের ফল ঘোষণার পরদিনই এই ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, ঘটনার আগের দিন বিকেল ও রাতে কিছু দুষ্কৃতী, রাহুল রায়ের বাড়িতে গিয়ে তাঁকে অপমান ও মারধর করে। পরিবারের দাবি, অভিযুক্তরা সদ্য নির্বাচিত বিজেপি প্রার্থী জাহার চক্রবর্তীর ঘনিষ্ঠ।
নিহত রাহুল কিশোর রায়ের মৃত্যুতে থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দলীয় কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
ধর্মনগরের যুব মোর্চার মন্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তার স্ত্রীর আনীত অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।