আগরতলা, ২৫ মে, ২০২৬ঃ
ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার এক ইন্সপেক্টরসহ ৪ পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এদের বিরুদ্ধে বাজেয়াপ্ত করা মাদক সামগ্রী থানা থেকে চুরি করার অভিযোগ উঠেছে।
ধৃতরা হলেন তেলিয়ামুড়া থানার ইন্সপেক্টর অজিত দেববর্মা, সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র রিয়াং, মহিলা সাব-ইন্সপেক্টর সম্পা দাস এবং খোয়াই এসবি অর্গানাইজেশনের এএসআই সচিন্দ্র দেববর্মা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০ মে রাতে তেলিয়ামুড়া থানা পুলিশ একটি মারুতি ইকো গাড়ি তল্লাশি করে ২৪৫ টি বোতল কোডিনযুক্ত এসকাফ কফ সিরাপ উদ্ধার করে। কিন্তু বাজেয়াপ্ত মাদক সামগ্রী নথিভূক্ত করার আগে থানার জিডি রুম থেকে অভিযুক্ত পুলিশ কর্মীরা ১০০ বোতল কফ সিরাপ সরিয়ে নেন।
তদন্তে , থানার সিসিটিভি ফুটেজে এই অভিযোগের প্রাথমিক সত্যতা দেখা যায়। তেলিয়ামুড়া থানার ইন্সপেক্টর অজিত দেববর্মাও বাজেয়াপ্ত মাদকের পুরো হিসাব সরকারি নথিতে উল্লেখ করেননি।
এই অভিযোগ উঠার পর অভিযুক্ত পুলিশ কর্মীদের বরখাস্ত করা হয়। পরবর্তী সময় রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যনকরের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দেয় তাদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় অভিযোগ দায়ের করেন জাস্টিন জোসেফ। তেলিয়ামুড়া থানার ওসি ইন্সপেক্টর জয়ন্ত কুমার দে’কে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।