আগরতলা, ৫ মে, ২০২৬ঃ
বর্তমান সরকার জনগণের সরকার, তাই মানুষের সমস্যা সমাধানে প্রতিটি দপ্তরকে সর্বদা সজাগ ও সক্রিয় থাকতে হবে। মঙ্গলবার রাজ্য টাস্ক মনিটরিং সিস্টেমের এক সভায় এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনায় মঙ্গলবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাজ্যের আটটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে নয়, বরং নিজ নিজ দপ্তরের কাজ সম্পর্কে সরাসরি অবগত থাকা অত্যন্ত জরুরি।
আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী আগরতলা শহরসহ বিভিন্ন জেলা সদরে যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। ভারী যানবাহনের ওজন নিয়ন্ত্রণ, ট্রাফিক সিগন্যাল সচল রাখা এবং নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ দ্রুত সম্পন্ন করার ওপরও জোর দেন তিনি।
রাজ্যকে মাদকমুক্ত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলেন, বিশেষ করে রেলপথে মাদক প্রবেশ রোধে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি সমাজবিরোধী কার্যকলাপপ্রবণ এলাকায় নাইট পেট্রোলিং জোরদার এবং নার্সিংহোম, রিহ্যাবিলিটেশন সেন্টার ও সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি রোধে কঠোর নজরদারির নির্দেশ দেন।
ধলাই জেলার পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বর্ষাকালে ডায়রিয়া ও ডিসেন্ট্রি প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলির ছোটখাটো সমস্যার দ্রুত সমাধান এবং আগরতলা আইজিএম হাসপাতালে জেনেরিক ওষুধ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। বিদ্যালয়গুলিতে মিড-ডে মিলের গুণগত মান বজায় রাখার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।
পরিকাঠামো উন্নয়নে সড়ক সংস্কারের কাজ দ্রুত ও মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ৯৯ শতাংশ ইতিমধ্যেই পুনরুদ্ধার করা হয়েছে। এছাড়া রেগার মজুরি ও দৈনিক শ্রমিকদের পারিশ্রমিক সময়মতো প্রদানের বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।