আগরতলা, ৭ মে, ২০২৬ঃসদ্য সমাপ্ত ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।বৈঠকে নির্বাচনের ফলাফল, সাংগঠনিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা স্বীকার করেন যে, এডিসি নির্বাচনে কংগ্রেসের ফল আশানুরূপ হয়নি। তিনি দাবি করেন, জাতপাত ও ধর্মীয় রাজনীতির প্রভাবেই দল প্রত্যাশিত ফলাফল পেতে ব্যর্থ হয়েছে।তিনি বলেন, “বিভাজনের রাজনীতি কখনই রাজ্যের পক্ষে শুভ নয়। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, যা গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর।”প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, আগামী দিনে সাধারণ মানুষের সমস্যা এবং উন্নয়নের বিষয়গুলিকে সামনে রেখেই দল সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করবে।