আগরতলা, ৭ মে, ২০২৬ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৮ মে, দুপুর ১২টায়।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগরতলায় পর্ষদ অফিসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন পর্ষদের সভাপতি। ফল প্রকাশের পর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের প্রোভিশনাল রেজাল্ট দেখতে পারবেন।
পর্ষদ সূত্রে জানা গেছে, এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৩৮ হাজার ১৩৫ জন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২৯ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছে। ফলাফলের অপেক্ষায় দিন গুনছে।
পরীক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনলাইনে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি বিভিন্ন স্কুলেও ফলাফল সংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে বলে জানা গেছে। মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের স্থান ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় সামগ্রিক পাশের হার ছিল ৮৬.৫৩ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ছিল ৭৯.২৯ শতাংশ। পরে ‘বছর বাঁচাও’ পরীক্ষার পর এই পাশের হার বেড়ে যথাক্রমে ৯২.৫১ শতাংশ এবং ৮৮.২৪ শতাংশে পৌঁছায়।
ফলাফল সংক্রান্ত সমস্ত আপডেট ও তথ্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।