আগরতলা, ১১ মে, ২০২৬ঃ
রাজ্যের মহিলা কর্মী ও ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটি ব্যবস্থা চালুর বিষয়ে ত্রিপুরা সরকারের অবস্থান জানতে রিপোর্ট তলব করেছে ত্রিপুরা মানবাধিকার কমিশন। কমিশনের মতে, ঋতুকালীন স্বাস্থ্য ও মর্যাদার বিষয়টি নারীদের মানবাধিকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি গ্রহণ করে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, ঋতুকালীন ছুটি, মাসিক স্বাস্থ্য সহায়তা, উপস্থিতিতে শিথিলতা অথবা কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা সংক্রান্ত কোনও প্রস্তাব, নীতিগত সিদ্ধান্ত বা কর্মপরিকল্পনা বিবেচনাধীন রয়েছে কিনা তা জানাতে। সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান, সব ক্ষেত্রেই এই বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে কমিশন।
কমিশনের নির্দেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ঋতুকালীন ছুটি সংক্রান্ত একটি রিট মামলায় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিল যে বিষয়টি জটিল নীতিগত বিবেচনার সঙ্গে যুক্ত এবং এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি শীর্ষ আদালত জানায়, রাজ্য সরকার চাইলে নিজস্ব নীতিও প্রণয়ন করতে পারে।
এই বিষয়ে কমিশন একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং মুখ্যসচিব জীতেন্দ্র কুমার সিনহাকে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।