আগরতলা, ১১ মে, ২০২৬ঃ
সারা দেশের সঙ্গে সোমবার রাজ্যেও পালিত হল ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। আগরতলা শহরের সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িতে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী ভগবান মহাদেবের জলাভিষেক ও পূজা অর্চনা করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সোমনাথ মন্দির ভারতীয়দের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আত্মমর্যাদার প্রতীক। ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, বিশ্বাস, সাহস ও ভক্তির পুনর্জাগরণের প্রতীক হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ১০২৬ সালে গজনীর শাসক সুলতান মাহমুদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল সোমনাথ মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম পীঠ হিসেবে এই মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। স্বাধীনোত্তর ভারতে মন্দির পুনর্নির্মাণে সরদার বল্লভ ভাই প্যাটেল অবদান স্মরণ করে তিনি জানান, ১৯৫১ সালে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন।
অনুষ্ঠানের সূচনায় লক্ষ্মীনারায়ণবাড়ি পুকুর থেকে জলভর্তি ৭৫টি কলস নিয়ে মহিলাদের একটি শোভাযাত্রা বের হয়। পাশাপাশি সোমনাথ মন্দিরের ইতিহাস নিয়ে তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।