আগরতলা, ১১ মে, ২০২৬ঃ
পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সোমবার চাকমাঘাট পূর্ব বাজার এলাকায় অসম–আগরতলা জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে জাতীয় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
চাকমাঘাট গ্রাম পঞ্চায়েত বাসিন্দাদের অভিযোগ গত দেড় মাস যাবত গ্রামবাসীরা পানীয় জলের সমস্যায় ভুগছেন। মূলত বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যার কারণে পানীয় জল দপ্তরের জলের পাম্প ঠিকমতো চালাতে না পারায় এই সমস্যা দেখা দিয়েছে। পানীয় জল দপ্তর ও বিদ্যুৎ দপ্তরকে এই অভিযোগ বারবার জানানোর পরও প্রশাসনের পক্ষে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি ব্যাগতিক হয়ে উঠলে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।
ঘটনাস্থলটি রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা বিকাশ দেববর্মার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর হরিপদ সরকার, ডি.ডব্লিউ.এস দপ্তরের আধিকারিক এবং তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করা হয়।