আগরতলা, ১১ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় সৌর শক্তিনির্ভর কৃষি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পি এম কুসুম প্রকল্পের আওতায় রাজ্যে ইতিমধ্যেই ৮,৩৬৪টি সৌরচালিত পাম্প স্থাপন করা হয়েছে এবং আরও ২,৫৩১টি পাম্প স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।
সোমবার মোহনপুর মহকুমার সাতডুবিয়া গ্রামে পি এম কুসুম প্রকল্পের আওতায় স্থাপিত সৌরশক্তিচালিত কৃষি সেচ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। পাশাপাশি তিনি সৌরশক্তিচালিত মোহনপুর চা বাগান গ্রামও ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সৌর শক্তিচালিত সেচ ব্যবস্থার ফলে গ্রামীণ কৃষকরা বিনামূল্যে বিদ্যুৎ ও সেচ সুবিধা পাচ্ছেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকদের আর্থিক সাশ্রয়ও হচ্ছে।
তিনি জানান, পি এম কুসুম প্রকল্পে প্রতিটি সৌর পাম্প স্থাপনে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় হয়। এর মধ্যে কৃষকদের মাত্র ১৫ হাজার টাকা দিতে হয়, বাকি অর্থ সরকার বহন করে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে স্থাপিত ৮,৩৬৪টি পাম্পের মাধ্যমে প্রায় ৪১,৮২০ কানি জমি সেচ সুবিধার আওতায় এসেছে। এছাড়া চলমান ২,৫৩১টি পাম্প স্থাপনের কাজ সম্পন্ন হলে আরও ১২,৬৫৫ কানি জমি সেচের আওতায় আসবে এবং অতিরিক্ত ২,৫৩১ জন কৃষক উপকৃত হবেন।