আগরতলা, ১৩ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সতর্ক করলো আমরা বাঙালি দল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষে দাবি করা হয়, এসআইআরের মাধ্যমে বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
চলতি মে মাস থেকেই ত্রিপুরা জুড়ে একযোগে এসআইআরের কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ও বিহারের এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল। সেই কারণে বাঙালি সমাজের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
দলের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেনাগরিক বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার আশঙ্কা তৈরি হচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ায় কোনও ধরনের জাতিগত বৈষম্য হলে তার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে ।
দলের পক্ষে বলা হয়, ভোটার তালিকা সংশোধনের নামে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশেষ শ্রেণির বৈধ ভোটারদের বাদ দেওয়া হয়, তবে তা রাজ্যের জনবিন্যাস ও রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। যদি উদ্দেশ্যমূলকভাবে কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, তাহলে রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনে নামবে আমরা বাঙ্গালী।