আগরতলা, ১৩ মে, ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বুধবার ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ত্রিপুরা বিধানসভার লবিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, জনসেবার প্রতি নিষ্ঠা ও মানুষের কল্যাণে অঙ্গীকার নিয়ে জহর চক্রবর্তী ধর্মনগর তথা সমগ্র ত্রিপুরার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ধর্মনগরের উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে।
শপথ গ্রহণের পর জহর চক্রবর্তী বলেন, ধর্মনগরবাসীর অগাধ ভালোবাসা, আশীর্বাদ ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জানান, এই শপথ শুধুমাত্র একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, বরং ধর্মনগরের মানুষের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন, অধিকার ও স্বপ্ন পূরণের এক দৃঢ় অঙ্গীকার।
নবনির্বাচিত বিধায়ক আরও বলেন, ধর্মনগরের সার্বিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন তিনি। মানুষের বিশ্বাসই তাঁর শক্তি এবং জনসেবাই তাঁর একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন জহর চক্রবর্তী।